গদ্যপদ্য

আকাঙ্ক্ষা

(সুন্দর)

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

কেন না হইনু আমি, কপালের দোষে,

যমুনার জল।

লইয়া কম কলসী, সে জল মাঝারে পশি,

হাসিয়া ফুটিত আসি, রাধিকা—কমল—

যৌবনেতে ঢল ঢল॥

কেন না হইনু আমি, তোমার তরঙ্গ,

তপননন্দনি!

রাধিকা আসিলে জলে, নাচিয়া হিল্লোল ছলে,

দোলাতাম দেহ তার, নবীন নলিনী—

যমুনাজলহংসিনী॥

কেন না হইনু আমি, তোর অনুরূপী

মলয় পবন!

ভ্রমিতাম কুতূহলে,রাধার কুন্তল দলে,

কহিতাম কানে কানে, প্রণয় বচন—

সে আমার প্রাণধন॥

কেন না হইনু, হায়! কুসুমের দাম,

কণ্ঠের ভূষণ।

এক নিশা স্বর্গ সুখে,বঞ্চিয়া রাধার বুকে,

ত্যজিতাম নিশি গেলে জীবন যাতন—

মেখে শ্রীঅঙ্গচন্দন॥

কেন না হইনু আমি, চন্দ্রকরলেখা,

রাধার বরণ।

রাধার শরীরে থেকে,রাধারে ঢাকিয়ে রেখে,

ভুলাতাম রাধারূপে, অন্যজনমন—

পর ভুলান কেমন?

কেন না হইনু আমি চিকণ বসন,

দেহ আবরণ।

তোমার অঙ্গেতে থেকে,অঙ্গের চন্দন মেখে,

অঞ্চল হইয়ে দুলে, ছুঁতেম চরণ,—

চুম্বি ও চাঁদবদন॥

কেন না হইনু আমি, যেখানে যা আছে,

সংসারে সুন্দর।

কে হতে না অভিলাষে, রাধা যাহা ভালবাসে,

কে মোহিতে নাহি চাহে, রাধার অন্তর—

প্রেম—সুখরত্নাকর?