গদ্যপদ্য

আকাঙ্ক্ষা

(সুন্দরী)

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

কেন না হইলি তুই, যমুনার জল,

রে প্রাণবল্লভ!

কিবা দিবা কিবা রাতি,কূলেতে আঁচল পাতি

শুইতাম শুনিবারে, তোর মৃদুরব॥

রে প্রাণবল্লভ!

কেন না হইলি তুই, যমুনাতরঙ্গ,

মোর শ্যামধন!

দিবারাতি জলে পশি,থাকিতাম কালো শশি,

করিবারে নিত্য তোর, নৃত্য দরশন॥

ওহে শ্যামধন!

কেন না হইলি, তুই, মলয় পবন,

ওহে ব্রজরাজ!

আমার অঞ্চল ধরি, সতত খেলিতে হরি,

নিশ্বাসে যাইতে মোর, হৃদয়ের মাঝ॥

ওহে ব্রজরাজ!

কেন না হইলি তুই, কাননকুসুম,

রাধাপ্রেমাধার।

না ছুঁতেম অন্য ফুলে,বাঁধিতাম তোরে চুলে,

চিকণ গাঁথিয়া মালা, পরিতাম হার॥

মোর প্রাণাধার!

কেন না হইলে তুমি, চাঁদের কিরণ,

ওহে হৃষীকেশ!

বাতায়নে বিষাদিনী, বসিতে যবে গোপিনী,

বাতায়নপথে তুমি, লভিতে প্রবেশ॥

আমার প্রাণেশ!

কেন না হইলে তুমি, চিকণ বসন,

পীতাম্বর হরি!

নীলবাস তেয়াগিয়ে, তোমারে পরি কালিয়ে,

রাখিতাম যত্ন কর্যে হৃদয় উপরি॥

পীতাম্বর হরি!

কেন না হইলে শ্যাম, যেখানে যা আছে,

সংসারে সুন্দর।

ফিরাতেম আঁখি যথা,দেখিতে পেতেম তথা,

মনোহর এ সংসারে, রাধামনোহর।

শ্যামল সুন্দর!