ছায়ানট

সন্ধ্যাতারা

কাজী নজরুল ইসলাম

ঘোমটা-পরা কাদের ঘরের বৌ তুমি ভাই সন্ধ্যাতারা?

তোমার চোখে দৃষ্টি জাগে হারানো কোন মুখের পারা॥

সাঁঝের প্রদীপ আঁচল ঝেঁপে

বঁধুর পথে চাইতে বেঁকে

চাউনিটি কার উঠছে কেঁপে

রোজ সাঁঝে ভাই এমনি ধারা॥

কারা হারানো বধূ তুমি অস্তপথে মৌন মুখে

ঘনাও সাঁঝে ঘরের মায়া গৃহহীনের শূন্য বুকে।

এই যে নিতুই আসা-যাওয়া,

এমন করুণ মলিন চাওয়া,

কার তরে হায় আকাশ-বধু

তুমিও কি আজ প্রিয়-হারা॥

কলিকাতা
কার্তিক ১৩২৭