ছায়ানট

ব্যথা নিশীথ

কাজী নজরুল ইসলাম

এই

নীরব নিশীথ রাতে

শুধু

জল আসে আঁখি-পাতে।

কেন

কি কথা স্মরণে রাজে?

বুকে

কার হতাদর বাজে?

কোন

ক্রন্দন হিয়া-মাঝে

ওঠে

গুমরি ব্যর্থতাতে

আর

জল ভরে আঁখি-পাতে॥

মম

ব্যর্থ জীবন-বেদনা

এই

নিশীথে লুকাতে নারি,

তাই

গোপনে একাকী শয়নে

শুধু

নয়নে উথলে বারি।

ছিল

সেদিনও এমনই নিশা,

বুকে

জেগেছিল শত তৃষা

তারি

ব্যর্থ নিশাস মিশা

ওই

শিথিল শেফালিকাতে

আর

পূরবীর বেদনাতে।

কলিকাতা
ফাল্গুন ১৩২৭

ব্যথা নিশীথ ❀ ছায়ানট ❀ এডুলিচার পাঠশালা