ছায়ানট

পলাতকা

কাজী নজরুল ইসলাম

কোন্‌ সুদূরের চেনা বাঁশীর ডাক শুনেছিস্‌ ওরে চখা?

ওরে আমার পলাতকা!

তোর

পড়লো মনে কোন্‌ হারা-ঘর,

স্বপন-পারের কোন অলকা?

ওরে আমার পলাতকা!

তোর জল ভরেচে চপল চোখে,

বল কোন হারা-মা ডাকলো তোকে রে?

ঐ গগন-সীমায় সাঁঝের ছায়ায়

হাতছানি দেয় নিবিড় মায়ায়—

উতল পাগল! চিনিস কি তুই চিনিস ওকে রে?

যেন

বুক-ভরা ও গভীর স্নেহে ডাক দিয়ে যায়, 'আয়,

ওরে আয় আয় আয়,

কোলে আয় যে আমার দুষ্টু খোকা!

আমার পলাতকা!’

দখিন হাওয়ায় বনের কাঁপনে—

দুলাল আমার! হাত-ইশারায় মা কি রে তোর

ডাক দিয়েছে আজ?

এত দিনে চিনলি কি রে পর ও আপনে!

নিশিভোরেই তাই কি আমার নামলো ঘরে সাঁঝ!

ধানের শীষে, শ্যামার শিসে—

জাদুমণি! বল সে কিসে রে,

তুই

শিউরে চেয়ে ছিঁড়লি বাঁধন!

চোখ-ভরা তোর উছলে কাঁদন রে!

তোরে

কে পিয়ালো সবুজ স্নেহের কাঁচা বিষে রে!

যেন

আচম্‌কা কোন শশক-শিশু চমকে ডাকে হায়,

‘ওরে আয় আয় আয়—

আয় রে খোকন আয়,

বনে

আয় ফিরে আয় বনের সখা!

ওরে চপল পলাতকা॥’

কলিকাতা
শ্রাবণ ১৩২৮