ছায়ানট

নীল পরী

কাজী নজরুল ইসলাম

ঐ

সর্ষে ফুলে লুটাল কার

হলুদ-রাঙা উত্তরী।

উত্তরী-বায়গো–

ঐ

আকাশ-গাঙে পাল তুলে যায়

নীল সে পরীর দূর তরী॥

তার

অবুঝ বীণার সবুজ সুরে

মাঠের নাটে পুলক পুরে,

ঐ

গহন বনের পথটি ঘুরে

আসছে দূরে কচিপাতা দূত ওরি॥

মাঠঘাট তার উদাস চাওয়ায়

হুতাশ কাঁদে গগন মগন

বেণুর বনে কাঁপচে গো তার

দীঘল শ্বাসের রেশটি সঘন।

তার

বেতস-লতায় লুটায় তনু,

দিগ্‌বলয়ে ভুরুর ধনু,

সে

পাকা ধানের হীরক-রেণু

নীল নলিনীর নীলিম-অণু

মেখেছে মুখ বুক ভরি॥

ট্রেনে কুমিল্লার পথে
চৈত্র ১৩২৭

নীল পরী ❀ ছায়ানট ❀ এডুলিচার পাঠশালা