বিপিনচন্দ্র চট্টোপাধ্যায়কে লিখিত

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিপিনচন্দ্র চট্টোপাধ্যায়কে লিখিত বঙ্কিমচন্দ্রের একখানি পত্রের পাণ্ডুলিপি নৈহাটী বঙ্কিম ভবনে রক্ষিত আছে। এই পত্রটি কোন কোন পত্রিকায় ইতিপূর্বে প্রকাশিত হয়। হেমেন্দ্রনাথ দাশগুপ্তের “ঋষি বঙ্কিমচন্দ্র” শীর্ষক পুস্তকেও পত্রটি গ্রথিত হইয়াছে। আমরা এখানে চিঠিটি দিলাম। পাঠক লক্ষ্য করিবেন পত্রে তারিখ নাই।

প্রিয়তমেসু—

মেজবাবুর রীতিমত চিকিৎসা করাইবে। ব্যয় জন্য কুণ্ঠিত হইবে না। আমার কাঁটালপাড়া যাওয়া দুর্ঘট। Suburban Police Court এর চার্জ আমার নিকট, Confession or Dying Declaration লিখিতে হয়, এজন্য কোথাও যাইতে বাসনা করি না। তবে নিতান্ত আবশ্যক হইলে তখন বিবেচনা করা যাইবে। ডাক্তার যেরূপ বলিয়াছে আমার সেরূপ বোধ হয় না। কোন চিন্তার বিষয় নাই। মেজবাবুর ওরূপ জ্বর হইয়া থাকে। এক্ষণে কেমন থাকে আগামী কালই আমাকে সম্বাদ দিবে।

আমার নিজের ব্যবস্থা, এক আধ dose China দিবে। China এই অবস্থায় বলকারক।

পুঃ আমি রবিবার কাঁটালপাড়া যাইব।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়