প্রাক্ পলাশী বাংলা

শব্দার্থ ও টীকা

সুবোধকুমার মুখোপাধ্যায়

আইমা বিদ্ধান ও ধর্মপ্রাণ ব্যক্তিদের জন্য রাষ্ট্র কর্তৃক প্রদত্ত নিষ্কর জাগির।
আতরাফ মুসলমান সমাজে মর্যাদায় দ্বিতীয় স্থানাধিকারী শ্রেণী।
আমিল রাজস্ব বিভাগীয় কর্মচারী।
আরজল মুসলমান সমাজে মর্যাদায় তৃতীয় স্থানাধিকারী শ্রেণী।
আবওয়াব অতিরিক্ত কর। সেসেস (cesses)।
আশরাফ মুসলমান সমাজে মর্যাদায় প্রথম স্থানাধিকারী শ্রেণী।
আসল জমা ভূমিরাজস্বের বন্দোবস্ত (Revenue Setttlement)।
আহুক শ্রীহট্ট থেকে জনহিতকর কাজের জন্য আনা চূণের জন্য কর (আবওয়াব)।
ইজারা সর্বোচ্চ করদাতার সঙ্গে ভূমি বা অন্য রাজস্বের বন্দোবস্ত।
ইজারাদার ইজারা গ্রহণকারী।
ইনাম-ই-আলটুম্‌ঘা বিশ্বস্ত ও প্রতিভাবান কর্মচারীদের বংশ পরস্পরায় ভোগ করার জন্য রাষ্ট্র কর্তৃক প্রদত্ত নিষ্কর জাগির।
ওয়াজাসাৎ খানোবিশি মুৎসুদ্দিদের (করণিকদের) জন্য মুর্শিদকুলী প্রবর্তিত বাড়তি ভূমি রাজস্ব (আবওয়াব)।
কর্তাভজা গুরুবাদে বিশ্বাসী বাউল সম্প্রদায়।
কানুনগো ভূমিরাজস্বের রেজিস্টার। ভূমি রাজস্ব ও ভূমি হস্তান্তর সম্পর্কিত, সমস্ত রকম দলিল ও হিসাব রক্ষক।
কিমত খেস্ত গৌড় গৌড়ের প্রাসাদ ভেঙ্গে ইট পাথর আনার খরচ। আলিবর্দ্দী প্রবর্তিত আবওয়াব।
কোরি রাজস্ব বিভাগের কর্মচারী।
কাসিদ অশ্বারোহী ডাক হরকরা।
খালসা সম্রাটের প্রাপ্য রাজস্ব ও তৎসম্পর্কিত বিভাগ।
খলিফা ওস্তাদ। পারদর্শী।
খোম শিয়াদের দেয় ধর্মীয় কর। করের পরিমাণ আয়ের এক পঞ্চমাংশ।
গোমস্তা ব্যবসায়ী প্রতিষ্ঠান বা জমিদার মহাজনের কর্মচারী।
চাকলা ভূমিরাজস্বের প্রশাসিক বিভাগ।
চৌথ মারাঠা ভূমি রাজস্বের ওপর বাড়তি কর (আবওয়াব)। মারাঠা আক্রমণের অব্যবহিতপরে আলিবর্দ্দী বাংলার ভূমি রাজস্বের ওপর এ কর ধার্য করেছিলেন।
চালানি টাকা হিসাবের সুবিধার জন্য এ যুগের কাল্পনিক মুদ্রা। বাংলাদেশে অনেক রকম মুদ্রা চালু থাকায় ইস্ট ইণ্ডিয়া কোম্পানী এ মুদ্রায় তাদের হিসাব রাখত।
জাগির বা জায়গির রাষ্ট্রের বিভিন্ন বিভাগের জন্য নির্দিষ্ট বা উচ্চপদস্থ কর্মচারীদের জন্য চিহ্নিত নিষ্কর জমি।
জাবতি কর্মচারীকে যাবজ্জীবন ভোগের জন্য রাষ্ট্র প্রদত্ত নিষ্কর জমি।
জার মাথোট পূন্যাহ নজর, খেলাত, বাঁধের খরচ ও মফঃস্বল থেকে রাজস্ব আনার খরচ বাবদ ধার্য্য কর (আবওয়াব)।
তাকাবি কৃষি ঋণ।
তাপ্পি পদাতিক ডাকহরকরা।
তালুক ও তালুকদার ছোট জমিদারি ও ছোট জমিদার।
তোলবাখানা হিন্দু ও মুসলমান ছাত্রদের নিয়ে গঠিত মিশ্র প্রাথমিক বিদ্যালয়।
দাম তামার পয়সা। চল্লিশ দামে এক টাকা।
দেওয়ান রাজস্ব বিভাগের প্রধান।
দিক্ষণাচন্দ্রিকা বানমার্গ সাধন পদ্ধতির বিশদ বিবরণ সম্বলিত গ্রন্থ।
দেবোত্তর দেবতা বা দেবস্থানের উদ্দেশ্যে প্রদত্ত নিষ্কর সম্পত্তি।
নাজিম প্রদেশের সেনা, পুলিশ ও ফৌজদারি বিচার বিভাগের প্রধান।
নজরানা মোকরারি দিল্লীতে রাজস্ব পাঠানোর জন্য সুজাউদ্দিন প্রবর্তিত বাড়তি ভূমি রাজস্ব (আবওয়াব)।
নজরানা মনসুরগঞ্জ সিরাজের প্রাসাদ হিরাঝিলের পাশের বাজারের ওপর আলিবর্দ্দী প্রবর্তিত আবওয়াব।
পাটোয়ারি গ্রামের রাজস্ব বিভাগীয় কর্মচারী।
পুন্যাহ বৈশাখ মাসে ভূমি রাজস্ব বিভাগের বর্ষারম্ভের অনুষ্ঠান।
পারিয়া সমাজে নিম্নতম শ্রেণী। কৃষ্টি ও সংস্কৃতিতে নিম্ন স্থানাধিকারী।
ফকিরান পথচারী ফকিরদের জন্য নির্দিষ্ট নিষ্কর ভূমি।
ফৌজদারি আবওয়াব সুদূর সীমান্ত জেলাগুলির রক্ষণাবেক্ষণের জন্য ফৌজদারি কর।
মালজামিনী ইজারা ব্যবস্থা। সর্বোচ্চ করদাতাকে ভূমি রাজস্বের বন্দোবস্ত দেওয়া।
মাথোট ফিলখানা নাজিম ও দেওয়ানের হাতির খরচ (আবওয়াব)।
মাদাদিমাস বিদ্বান ও ধর্মপ্রাণ ব্যক্তিদের রাষ্ট্রপ্রদত্ত নিষ্কর জাগির।
মুৎসুদ্দি ও মুকদ্দম রাজস্ব বিভাগের কর্মচারী।
মোহর নবাবী আমলে সোনার মুদ্রা। এ যুগে সোনার মুদ্রা পুরষ্কার, উপঢৌকন ও সঞ্চয়ের জন্য ব্যবহৃত হত।
মাসরুৎ কর্মচারীদের রাষ্ট্র প্রদত্ত নিষ্কর জাগির। কর্মচারী অবসর নিলে বা পদত্যাগ করলে রাষ্ট্র এ ধরণের জাগির ফিরে পেত।
যাবাত মুসলমানদের, বিশেষ করে সুন্নীদের, দেয় ধর্মীয় কর। আয়ের এক দশমাংশ গরীব দুঃখীদের জন্য নির্দিষ্ট।
রায়ত জমি চাষকারী কৃষক। রাজস্বের বিনিময়ে জমি ভোগ করার অধিকারী।
শিকদার রাজস্ব বিভাগের কর্মচারী।
সিক্কা নবাবী আমলে বাংলায় প্রচলিত রূপোর টাকা। সরকারে স্বীকৃত বৈধ মুদ্রা (legel tender)।
সওদা-ই-খাস শাসকের একচেটিয়া ব্যক্তিগত ব্যবসায়।
সায়ের বা সায়ির নবাবী আমলে ভূমি রাজস্ব ছাড়া আর সর্বপ্রকার কর।
সহজিয়া বৈষ্ণব সম্প্রদায়। এ সম্প্রদায়ে নরনারীর দৈহিক প্রেম কৃষ্ণপ্রাপ্তির সহজ উপায় বলে গণ্য।
হস্তবুদ ভূমি ও ভূমি রাজস্বের বিস্তৃত হিসাব (Rent Roll)।