বিষের বাঁশী

বিজয় গান

[গান]

কাজী নজরুল ইসলাম

ওই

অভ্র-ভেদী তোমার ধ্বজা

উড়ল আকাশ-পথে।

মা গো, তোমার রথ-আনা ওই

রক্ত-সেনার রথে॥

ললাট-ভরা জয়ের টিকা,

অঙ্গে নাচে অগ্নিশিখা,

রক্তে জ্বলে বহ্নিলিখা–মা!

ওই বাজে তোর বিজয়-ভেরি,

নাই দেরি আর নাই মা দেরি,

মুক্ত তোমার হতে॥

আনো তোমার বরণডালা, আনো তোমার শঙ্খ, নারী!

ওই দ্বারে মা-র মুক্তি সেনা, বিজয়-বাজা উঠছে তারই।

ওরে ভীরু! ওরে মরা!

মরার ভয়ে যাসনি তোরা;

তোদেরও আজ ডাকছি মোরা ভাই!

ওই খোলে রে মুক্তি-তোরণ,

আজ একাকার জীবন-মরণ

মুক্ত এ ভারতে॥