১
নাই তা—জ
তাই লা—জ?
ওরে
মুসলিম, খর্জুর-শিষে তোরা সাজ!
করে
তসলিম হর কুর্নিশে শোর্ আওয়াজ
শোন্
কোন মুজ্দা সে উচ্চারে ‘হেরা’ আজ
ধরা-মাঝ!
উরজ-য়্যামেন নজ্দ হেজাজ তাহামা ইরাক শাম
মেশের ওমান তিহারান স্মরি কাহার বিরাট নাম।
পড়ে
‘সাল্লাল্লাহু আলায়হি সাল্লাম।
চলে আঞ্জাম
দোলেতাঞ্জাম
খোলে
হুর-পরী মরি ফিরদৌসের হাম্মাম!
টলে
কাঁখের কলসে কওসর ভর,
‘হাতে আব্-জমজম্-জাম’।
শোন্
দামাম কামান্ তামাম্ সামান্
নির্ঘোষি কার নাম।
পড়ে ‘সাল্লাল্লাহু আলায়হি সাল্লাম।’
২
মস্ তান!
ব্যস থাম্!
দেখ
মশ্গুল আজি শিস্তান-বোস্তান,
তেগ
গর্দানে ধরি দারোয়ান রোস্তাম।
বাজে
কাহারবা বাজা, গুলজার গুলশান
গুলফাম!
দক্ষিণে দোলে আরবি দরিয়া খুশিতে সে বাগে-বাগ,
পশ্চিমে নীলা ‘লোহিতে’র খুন-জোশিতে রে লাগে আগ,
মরু
সাহারা গোবিতে সব্জার জাগে দাগ!
নূরে কুর্শির
পুরে ‘তূর’-শির,
দূরে
ঘূর্ণির তালে সুর বুনে হুরি ফুর্তির,
ঝুরে
সুর্খির ঘন লালী উষ্ণীষে ইরানি দূরানি তুর্কির!
আজ
বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুড়ে ফেলে বল্লম
পড়ে ‘সাল্লাল্লাহু আলায়হি সাললাম।’
৩
‘সাবে ঈন’
তাবে ঈন
হয়ে
চিল্লায় জোর ‘ওই ওই নাবে দীন!’
ভয়ে
ভূমি চুমে ‘লাত্ মানাত’-এর ওয়ারেশিন।
রোয়ে
ওয্যা-হোবল ইবলিস খারেজিন,—
কাঁপে জীন্!
জেদ্দার পূবে মক্কা মদিনা চৌদিকে পর্বত,
তারই মাঝে ‘কাবা’ আল্লার ঘর
দুলে আজ হর ওক্ত্,
ঘন
উথলে অদূরে ‘জম-জম’ শরবৎ!
পানি কওসর,
মণি জওহর
আনি
‘জিবরাইল’ আজ হরদম দানে গওহর,
টানি
মালিক-উল-মৌত্ জিঞ্জির–বাঁধে মৃত্যুর দ্বার লৌহর।
হানি
বরষা সহসা ‘মিকাইল’ করে ঊষর আরবে ভিঙা,
বাজে
নব সৃষ্টির উল্লাসে ঘন ‘ইসরাফিল’-এর শিঙা!
৪
জঞ্ জাল
কঙ্ কাল
ভেদি,
ঘন জাল মেকি গণ্ডির পঞ্জার
ছেদি,
মরুভূতে একী শক্তির সঞ্চার!
বেদি
পঞ্জরে রণে সত্যের ডঙ্কার
ওংকার!
শঙ্কারে করি লঙ্কার পার কার ধনু-টংকার
হুংকারে ওরে সাচ্চা-সরোদে শাশ্বত ঝংকার?
ভূমা-নন্দে রে সব টুটেছে অহংকার!
মর- মর্মরে
নর- ধর্ম রে
বড়
কর্মরে দিল ঈমানের জোর বর্ম রে,
ভর্
দিল্ জান্–পেয়ে শান্তি নিখিল ফিরদৌসের হর্ম্য রে!
রণে
তাই তো বিশ্ব-বয়তুল্লাতে মন্ত্র ও জয়নাদ–
‘ওয়ে
মার্হাবা ওয়ে মার্হাবা এয়্ সর্ওয়ারে কায়েনাত!’
৫
[[শর-ওয়ান=নওশেরওয়ান নামক পারস্যের বিখ্যাত দানশীল বাদশাহ্।
দর্-ওয়ান
আজি
বান্দা যে ফেরউন, শাদ্দাদ, নমরুদ, মারোয়ান;
তাজি
বোর্রাক্ হাঁকে আসমানে পর্ওয়ান,–
ও যে
বিশ্বের চির সাচ্চারই বোর্হান–
‘কোর-আন’!
‘কোন্ জাদুমণি এলি ওরে’ – বলি রোয়ে মাতা আমিনায়
খোদার হাবিবে বুকে চাপি, আহা, বেঁচে আজ স্বামী নাই!
দূরে
আব্দুল্লার [[রুহ্=আত্মা।] কাঁদে, “ওরে আমিনারে ‘গমি’ নাই–
দেখো
সতী তব কোলে কোন্ চাঁদ, সব ভর-পুর ‘কমি’ নাই।’
‘এয়্ ফর্ জন্দ’–
হায় হর্দম্
ধায়
দাদা মোত্লেব কাঁদি, – গায়ে ধুলা কর্দম!
‘ভাই!
কোথা তুই?’ বলি বাচ্চারে কোলে কাঁদিছে
হাম্জা দুর্দম!
ওই
দিক্হারা দিক্পার হতে জোর-শোর আসে,
ভাসে ‘কালাম’–
‘এয়
‘শাম্সোজ্জোহা বদরোদ্দোজা কামারোজ্জমাঁ’ সালাম!’
কুঞ্জিকা
১. তাজ — মুকুট। ২. তসলিম — সালাম, প্রণাম। ৩. শোর্ আওয়াজ — বিরাট বিপুল ধ্বনি। ৪. মুজ্দা — খোশ খবর, সুসংবাদ। ৫. হেরা — আরবের হেরা নামক পর্বত। এই গিরি-গুহায় হজরত মোহাম্মদ (সা) সাধনায় সিদ্ধি লাভ করেন। ৬. উরজ-য়্যামেন নজ্দ হেজাজ তাহামা — আরবের পাঁচটি প্রদেশের নাম। ৭. ইরাক — মেসোপটেমিয়া প্রদেশ। ৮. শাম — সিরিয়া প্রদেশ। ৯. মেশের — মিশর দেশ। ১০. ওমান — আরবের এক ছোট রাজ্য। ১১. সাল্লাল্লাহু আলায়হি সাল্লাম — আরবী ভাষায় উচ্চারিত ‘দরূদ’ বা শান্তিবাণী। মুসলমান মাত্রেই হজরতের নামের শেষে এই ‘দরূদ’ পাঠ করা একান্ত কর্তব্য। ইহার অর্থ— ‘তাঁহার উপর খোদার শান্তি ও করুণাধারা বর্ষিত হউক।’ ১২. আঞ্জাম — আয়োজন। ১৩. তাঞ্জাম — সওয়ারি। ১৪. হুর-পরী — অপ্সরী-কিন্নরী। ১৫. ফিরদৌসের — স্বর্গ। ১৬. হাম্মাম — স্নানাগার। ১৭. কওসর — অমৃত। ১৮. ভর — ভরা, পূর্ণ। ১৯. আব্-জমজম্ — মক্কার ‘জমজম’ নামক কূপের পবিত্র পানি। ২০. জাম — পেয়ালা। ২১. দামাম — দামামা। ২২. তামাম্ — সমস্ত। ২৩. সামান্ — সাজ-সরঞ্জাম। ২৪. মস্ তান — মস্তানা, পাগলা। ২৫. ব্যস থাম্ — ব্যস, থামো! ২৬. শিস্তান-বোস্তান — শিস্তানের ফুলবাগিচা। ২৭. তেগ — তলোয়ার। ২৮. গর্দানে — স্কন্ধে। ২৯. রোস্তাম — পারস্যের জগদ্বিখ্যাত দিগ্বিজয়ী বীর। ৩০. কাহারবা — তালের নাম। ৩১. গুলজার — মাৎ। ৩২. গুলশান — পুষ্প-বাটিকা। ৩৩. গুলফাম — গোলাবি রঙ্গিন। ৩৪. আরবি দরিয়া — আরব সাগর। ৩৫. বাগে-বাগ — আহ্লাদে আটখানা। ৩৬. নীলা — নীলবর্ণ জলবিশিষ্ট। ৩৭. লোহিতে’র — লোহিত সমুদ্রের। ৩৮. খুন-জোশিতে — রক্ত-উত্তেজনায়। ৩৯. আগ — আগুন। ৪০. সাহারা গোবিতে — দুই বিশাল মরুভূমির নাম। ৪১. সব্জার — হরিতের। ৪২. নূরে — জ্যোতিতে। ৪৩. লালী — অরুণিমা। ৪৪. ইরানি — পারস্যের অদিবাসী। ৪৫. দূরানি — কাবুলি। ৪৬. তুর্কির — তুরস্কের অধিবাসী। ৪৭. সাবে ঈন — আরবের মূর্তিপূজকগণ। ৪৮. তাবে ঈন — আজ্ঞাবহ। ৪৯. চিল্লায় — চিৎকার করে। ৫০. দীন — সত্যধর্ম। ৫১. লাত্ মানাত — আরবের মূর্তিপূজকগণের ঠাকুরের নাম। ৫২. ওয়ারেশিন — উত্তরাধিকারীগণ, (এখানে) ঐ মূর্তিসমূহের দলবল। ৫৩. ওয্যা-হোবল — আরব মূর্তি-পূজারীদের দুই প্রধান প্রতিমা। ৫৪. ইবলিস — শয়তান। ৫৫. খারেজিন — এক বদমায়েশ সম্প্রদায়। ৫৬. জীন্ — দৈত্য; genii। ৫৭. মদিনা — শহর (‘মদিনা’ নামক শহর নয়)। ৫৮. কাবা — মক্কার বিশ্ববিখ্যাত মস্জিদ। ৫৯. হর ওক্ত্ — সর্বদা। ৬০. হরদম — সদাসর্বদা। ৬১. গওহর — মতি। ৬২. মালিক-উল-মৌত্ — ফেরেশতার (স্বর্গীয় দূত) নাম; জীবের জীবন-সংহার এই যমরাজের হাতে। ৬৩. জিঞ্জির — শৃঙ্খল। ৬৪. মিকাইল — ফেরেশতা। ৬৫. ভিঙা — সরসা। ৬৬. ইসরাফিল — প্রলয়-বিষাণ-মুখে এক ফেরেশতা। ৬৭. জঞ্ জাল — জঞ্জাল। ৬৮. কঙ্ কাল — কঙ্কাল। ৬৯. সাচ্চা-সরোদে — এক তারের যন্ত্রের নাম। ৭০. ঈমান — বিশ্বাস। ৭১. বিশ্ব-বয়তুল্লাহ্ — বিশ্বরূপ ‘কাবা’ বা আল্লার ঘর। ৭২. ওয়ে — ওগো, বাছা। ৭৩. মার্হাবা — সাবাস। ৭৪. সর্ওয়ারে কায়েনাত — সৃষ্টির শ্রেষ্ঠ। ৭৫. বান্দা — হুজুরে-হাজির গোলাম, বন্দনাকারী। ৭৬. ফেরউন, শাদ্দাদ, নমরুদ, মারোয়ান — বিখ্যাত ঈশ্বরদ্রোহী সব। ৭৭. তাজি — দ্রুতগামী অশ্ব। ৭৮. বোর্রাক্ — উচ্চৈঃশ্রবার মতো স্বর্গের শ্রেষ্ঠ অশ্ব। ৭৯. আসমান — আকাশ। ৮০. পর্ওয়ান — পরোয়ানা। ৮১. সাচ্চারই — সত্যেরই। ৮২. বোর্হান — প্রমাণ। ৮৩. রোয়ে — কাঁদে। ৮৪. আমিনা — হজরত মোহাম্মদ (সা) জননীর নাম। ৮৫. খোদার হাবিব — আল্লার বন্ধু (হজরতের খেতাব)। ৮৬. আবদুল্লাহ্ — হজরতের স্বর্গগত পিতা। ৮৭. ‘গমি’ নাই — ‘গমি’—দুঃখ। ‘গমি’ নাই—দুঃখ করো না। ৮৮. ভরপুর — পূর্ণ। ৮৯. ‘কমি’ নাই — ‘কমি’—অপূর্ণ। ‘কমি’ নাই—আজ কিছু অপূর্ণ নাই।